Search

শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : এমপি তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত চেয়ারপারসন গুলজার খানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ উপজেলাবাসী’র ব্যানারে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও বিএনপি নেতা সুরমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা। বক্তব্যে তিনি বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রেখে আসছেন। বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুলজার খানের মতো নিবেদিতপ্রাণ মানুষদের সম্মানিত করা শুধু একজন ব্যক্তির সম্মান নয়, বরং সমাজের ভালো কাজের স্বীকৃতি ও অন্যদের মানবকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীদের সম্মান জানানোর এ মহতি উদ্যোগ বিশ্বনাথের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।’

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত চেয়ারপারসন গুলজার খান বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজকের এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত। এই সম্মান আমার একার নয়, এটি বিশ্বনাথের সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমি বিশ্বনাথের মানুষের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা ও মানবকল্যাণে কাজ করার যে দায়িত্ব ও সুযোগ পেয়েছি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্ঠা করবো।’

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্টের ট্রাস্টি গৌছ আলী, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্টের ট্রাস্টি গৌছ আলী, মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সামসুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান, বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আব্দুর রব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রভেল, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইয়াছিন আহমদ। অনুষ্ঠানের শেষদিকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানান জাসাস উপজেলা শাখা ও জিয়া মঞ্চের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত