বিশ্বনাথটুডে ডেস্ক :: বিশ্বনাথের প্রাচীন ঐতিহ্য ও জনপদের অন্যতম চেনা মুখ বাসিয়া ব্রিজ। এই ঐতিহ্যবাহী স্থাপনাটির সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছেন পর্তুগাল প্রবাসী ব্যবসায়ী, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক এম অলিউর রহমান রেজা। নিজের একান্ত ব্যক্তিগত অর্থায়নে তিনি ব্রিজটিতে নতুন রঙের প্রলেপ লাগানোর পাশাপাশি স্থাপন করেছেন ৮টি বাতি।
তার এই উদ্যোগে পুরোপুরি বদলে গেছে বাসিয়া ব্রিজের দৃশ্যপট। ব্রিজটি এখন এক নান্দনিক রূপ লাভ করেছে। বিশেষ করে, সন্ধ্যার পর রঙিন ও উজ্জ্বল বাতির আলোয় বাসিয়া নদীর বুকজুড়ে ব্রিজটির রূপ পথচারী ও স্থানীয় লোকজনকে মুগ্ধ করছে।
জানা গেছে, এম অলিউর রহমান রেজা বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামের স্থায়ী বাসিন্দা এবং পর্তুগালের বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সুদূর প্রবাসে থেকেও এলাকার ইতিহাস-ঐতিহ্যের প্রতি এমন ভালোবাসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।
স্থানীয় অনেকের মতে, প্রবাসীদের এমন ইতিবাচক ও সমাজসচেতন উদ্যোগগুলো আমাদের স্থানীয় এলাকাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলতে অনন্য ভূমিকা রাখে













