নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য পদে গ্রেড-২ পদ মর্যাদায় আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা ড. এম. মুজিবুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’ এর ধারা-৫(২) অনুযায়ী জনাব মোহাম্মদ মুজিবুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে পদায়ন করা হলো। যোগদানের তারিখ থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। আদেশটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।













