নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সদ্য প্রয়াত অফিস সহকারী মো. আশরাফুল ইসলামের বিস্তৃত এবং কর্মময় জীবন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক জাহিদ বিন কাশেম। তিনি দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বরূপ প্রদান করা নগদ ৮ লক্ষ টাকা প্রয়াত আশরাফুল ইসলামের পরিবারের হাতে তুলে দেন। এছাড়াও, অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কয়েকজন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক কাউসার উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হোসাইন আহমদ চৌধুরী।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান প্রধান শিক্ষক রেন্টু আলী, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোমেন, প্রাক্তন শিক্ষক রোকেয়া পারভীন, আমিরুল ইসলাম, মোহাম্মদ টিপু সুলতান, শিব্বির আহমেদ, প্রতিষ্ঠানের সাবেক পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান, আব্দুল হামিদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান,স্থানীয় প্রবীণ ব্যক্তি গণি শাহ্ এবং প্রয়াত মো. আশরাফুল ইসলামের মেঝো ছেলে সাব্বির আহমদ ।
এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে চুনু মিয়া, তাজুল ইসলাম, মাহবুব আহমদ, বিজন চন্দ্র দাস বিজয়, এস আই সেবুল, রেজাউল ইসলাম, শামসুদ্দিন, তাকজিবা আক্তার তাইবা ও ফাহমিদা বেগম স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান এবং পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মনসুর আহমদ বিপ্লবী।













