নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছাগল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের মৃত লয়লুছ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং- ১১)।
মামলার অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পুষণী গুচ্ছগ্রামের বাসিন্দা আবারক (৪০) এবং দ্বীপবন্দ বিলপার গ্রামের মনু মিয়ার ছেলে কাহার (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে আব্দুল্লাহ আল মামুনের আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল সিএনজিতে তুলে নিয়ে পালিয়ে যান আবারক ও কাহার।
পরবর্তীতে ওই দিনই সিলেট জালালাবাদ থানার টুকেরবাজার এলাকায় স্থানীয় জনতা ছাগলসহ অভিযুক্ত দুইজনকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয় এবং চুরি কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।’













