বিশ্বনাথটুডে ডেস্ক::: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামাল উদ্দিনের সমর্থনে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ওল্ডহ্যামের ওয়েস্টউড ইস্ট হলে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাজী জমির আলীর সভাপতিত্বে বশির আহমদ ও আজিজুর রহমান রুমেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, মওদুদ আহমদ, আসকির বেগ, মিজানুর রহমান মিজান, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, গোলাম মৌলা চৌধুরী নিক্সন, মহসিন চৌধুরী, আব্দুল তারেক মালিক, জাকি মোস্তফা, সেতু চৌধুরী, রাসেল চৌধুরী, শুকুর আলী মামুন, গিয়াস উদ্দিন, সেবুল মিয়া, শিউল চৌধুরী, শামীম খান, আফসর শামীম, তোতা মিয়া, আমিনুর রহমান, মুমিনুর রহমান, আব্দুল মান্নান, শামসু মিয়া, সোহাগ হোসেন, নুরুল পাশা, তানভীর আহমদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিশ্বনাথ উপজেলার দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরেন। তারা মত প্রকাশ করেন যে, গত ১৭ বছরে যেভাবে এ উপজেলাটি পিছিয়ে পড়েছে, তা থেকে উত্তরণের জন্য একটি যোগ্য, দক্ষ এবং দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাদের মতে, এই মুহূর্তে জামাল উদ্দিনই সেই নেতৃত্বের প্রতীক, যার মাধ্যমে বিশ্বনাথ নতুন করে এগিয়ে যেতে পারে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে জামাল উদ্দিনকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাদের বক্তব্যে উঠে আসে প্রবাসীদের গভীর আবেগ, দায়বদ্ধতা এবং নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার।
নিজের বক্তব্যে জামাল উদ্দিন বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে তিনি বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। উন্নয়নের প্রতিটি ধাপে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও, প্রবাসীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জামাল উদ্দিন।
তিনি বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই তাদের সম্মান ও অধিকার রক্ষায় তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।’-প্রেসবিজ্ঞপ্তি













