নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে এক বিএনপি নেতার গোয়ালঘরের তালা কেটে একটি বাছুরসহ দুটি দুগ্ধজাত গাভী চুরি করে নিয়ে গেছে চোরেরা। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে উপজেলা বিএনপির সহসভাপতি নুর উদ্দিন আহমদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া এই গবাদি পশুগুলোর সন্ধান পেতে ইতোমধ্যে নগদ ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী ওই নেতা।
জানা গেছে, প্রতিদিনের মতো গতরাতেও নিজের যত্নে লালন-পালন করা গবাদি পশুগুলোর দেখভাল করেছিলেন নুর উদ্দিন আহমদ। রাত আনুমানিক ১টার দিকে বসতঘরের ঠিক উল্টো পাশে থাকা গোয়ালঘরে ৫টি গরুই ঠিকঠাক দেখে ঘুমাতে যান তিনি।
তবে, বিপত্তি ঘটে আজ রবিবার (১৪ জুন) ভোরে। ফজরের নামাজ শেষ করে প্রতিদিনের মতো গাভীর দুধ দোহন করতে গোয়ালঘরে যান তিনি। দরজার তালায় হাত দিতেই সেটি কাটা অবস্থায় নিচে পড়ে যায়। ভেতরে ঢুকে তিনি দেখেন, ৫টি গবাদীপশুর মধ্যে দুটি রেখে দুটি বড় গাভী ও একটি বাছুর নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।
ভুক্তভোগী নুর উদ্দিন আহমদ বলেন, ‘আমি বহু বছর ধরে অত্যন্ত শখ ও যত্নে গবাদি পশু লালন-পালন করছি। এর আগে কখনো আমার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটেনি। রাতে ঘুমানোর আগেও সব ঠিক দেখে গেলাম, অথচ ফজরের নামাজ পড়ে এসে দেখি আমার গোয়ালঘর খালি। ঘরের দরজার তালা কেটে চোরেরা আমার বড় ক্ষতি করে দিল।’
গবাদী পশুগুলোকে ফিরে পেতে মরিয়া হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক আবেগঘন পোস্ট দিয়েছেন এবং সন্ধানদাতার জন্য অর্ধলক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে, আমরা খোঁজখবর নিচ্ছি এবং দ্রুত চোরচক্রকে শনাক্ত ও গবাদী পশুগুলো উদ্ধার করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’













