নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে এক অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র কৃষক নুরুল আমিন (২৬)। প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে বুকভরা আশা নিয়ে কৃষিতে বিনিয়োগ করলেও রাতের আঁধারে দুর্বৃত্তদের হীন কর্মকাণ্ডে তাঁর সেই স্বপ্ন এখন ধূসর।
উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে বৃহস্পতিবার (৭ মে) রাতে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, কৃষক নুরুল আমিন দীর্ঘদিন ওমানে ছিলেন। দেশে ফিরে জীবিকার তাগিদে তিনি অন্যের জমি বর্গা নিয়ে মৌসুমী সবজি চাষ শুরু করেন। সম্প্রতি বাড়ির কাছেই এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করেছিলেন তিনি। ফলনও হয়েছিল আশাতীত। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় শত্রুতাবশত দুর্বৃত্তরা পুরো ক্ষেতের ঢেঁড়স গাছ এবং পাশের বেশ কিছু কলাগাছ কেটে সাবাড় করে দেয়।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ‘বর্তমান বাজারে প্রায় লক্ষাধিক টাকার ফসল বিক্রির প্রস্তুতি ছিল তাঁর। ফসল তোলার ঠিক আগ মুহূর্তে এমন ক্ষতিতে তিনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে কৃষক নুরুল আমিন বলেন, ‘ওমান থেকে খালি হাতে ফেরার পর অনেক পরিশ্রম করে টাকা ধার করে এই চাষ করেছিলাম। আশা ছিল লাখ টাকার ফসল বিক্রি করবো। আমি কারো ক্ষতি করিনি, তবুও কেন আমার এই সর্বনাশ করা হলো?’
গ্রামের মুরব্বী ফারুক আহমদ বলেন, ‘নুরুল আমিন অত্যন্ত ভালো মনের মানুষ। কৃষি কাজ করে তিনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিলেন। এই ধরণের শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
খবর পেয়ে আজ শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, ‘আমরা ঘটনার খোঁজ-খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা দাবি জানিয়েছেন, পুলিশ যেন দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসে।













