নিজস্ব সংবাদদাতা, বালাগঞ্জ: টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে প্রায় ২ লাখ টাকার পুরস্কার পেয়েছে বালাগঞ্জের একঝাঁক শিশু-কিশোর। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে আজ রোববার (২ আগস্ট) বাদ জোহর এ পুরস্কার বিতরণ করা হয়।
সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুকের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে তাঁর গ্রামের বাড়ি খাঁপুরে ৪০ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় টানা ৪০ দিন জামাতে তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ১৪ জনকে নগদ ১০ হাজার টাকা করে এবং দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ জনকে নগদ ৪ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ আরও ১১ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী-শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।
খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার শিশু সদনের সুপার হাফিজ কুতুব উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, দেওয়ান বাজার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ মামুনুর রশীদ, খাঁপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মুজিবুর রহমান, বুরহান উদ্দিন ও মনসুর আহমদ, সমাজকর্মী হাজী আব্দুল জলিল, হাজী আব্দুল মালিক ও আব্দুস সালাম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল এবং গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন প্রমুখ।













