সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করেছেন।
গত ৪ মে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’ এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকেও সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে তাহসিনা রুশদীর লুনার এই অন্তর্ভুক্তি বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি প্রধান এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণায় তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
প্রজ্ঞাপনটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।-প্রেসবিজ্ঞপ্তি













