বিশ্বনাথটুডে ডেস্ক :: যুক্তরাজ্যের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিসহ (ফার্স্ট ক্লাস) মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন মোহাম্মদ সামিউল হোসাইন। বাংলাদেশী বংশোদ্ভূত এই মেধাবী তরুণের সাফল্যে তার পরিবারসহ বিশ্বনাথের এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তনে পিতা আবুল হোসাইনকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন সামিউল। তিনি সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ্ব তোতা মিয়া মেম্বারের নাতি এবং যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইনের জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই প্রখর মেধাবী সামিউল তার মেধা ও কঠোর পরিশ্রমে এই গৌরবময় সাফল্য অর্জন করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ সামিউল হোসাইন বলেন, ‘উচ্চশিক্ষার এই দীর্ঘ পথ চলায় আমি আমার বাবা-মা এবং শিক্ষকদের কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি। সবার ভালোবাসায় আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমি সকলের দোয়া প্রার্থী, যেন ভবিষ্যতে আমার মেধা ও কাজ দিয়ে পরিবার এবং দেশের মানুষের জন্য আরও বড় গৌরব বয়ে আনতে পারি।’
ছেলের এই অনন্য কৃতিত্বে মহান রবের প্রতি অশেষ শুকরিয়া আদায় করে পিতা আবুল হোসাইন বলেন, ‘সামিউলের নিয়মিত পড়াশোনা ও একাগ্রতার ফলেই আজ সে এই উচ্চতর ডিগ্রি অর্জন করতে পেরেছে। একজন বাবা হিসেবে আজ আমি অত্যন্ত গর্বিত। আল্লাহ তায়ালা যেন আমার ছেলেকে সবসময় সঠিক পথে রাখেন এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দেন। আমি দেশ-বিদেশের সবার কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছি।’













