Search

বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ছাদে পড়ে তরুণের ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ঘরের পাকা ছাদে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। তিনি স্থানীয় ভুরকী বাজারে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করতেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে কাঁঠাল পাড়তে গাছে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গাছ থেকে ঘরের পাকা ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রিয় নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, “মোহাম্মদ আলী আমার অত্যন্ত আদরের নাতি ছিল। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

এদিকে, দুই ছেলের মধ্যে বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মোহাম্মদ আলীর বাবা-মা। পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। পুরো ভুরকী গ্রামে বিরাজ করছে শোকের আবহ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত