নিজস্ব প্রতিবেদক :: ঝড়ের সময় ভেঙে ঝুলে থাকা গাছের ডাল মাথায় পড়ে সেবুল আহমেদ নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে সিলেটের কামাল বাজার-বাবনা সড়কের লামা হাজরাই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সেবুল আহমেদ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক সেবুল গ্রামীণ ব্যাংক সিলেট সদর উপজেলার টুকের বাজার শাখায় কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যাংকে কাজ শেষে নিজের মোটরসাইকেল নিয়ে সিলেট শহরের বাসায় যাচ্ছিলেন সেবুল আহমদ। তিনি তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার-বাবনা সড়ক দিয়ে যাওয়ার পথে লামা হাজরাই এলাকায় পৌঁছামাত্র হঠাৎ একটি গাছের ডাল তাঁর মাথায় পড়ে। তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়লেউপস্থিত পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, পূর্বে কোনো ঝড়ের সময় ওই ডাল ভেঙে গাছে ঝুলে ছিল।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ব্যাংক কর্মকর্তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, আজ বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ইশবপুর (দক্ষিণপাড়া) জামে মসজিদের সামনে নিহত সেবুল আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।













