Search

বিশ্বনাথে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ!

​নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সাংবাদিক আব্দুস সালাম মুন্না ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ সাংবাদিক পরিবারের অন্ততঃ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্বনাথ পৌরসভার বিশ্বনাথেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ​ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম মুন্না গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্বনাথেরগাঁও গ্রামের ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন বিশ্বনাথেরগাঁও গ্রামের মৃত আখরম উল্লাহর ছেলে ও পৌরসভার ৯ নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম, তাঁর ভাই আব্দুর রহিম, আব্দুর রহিমের স্ত্রী মিনারা বেগম এবং আব্দুল হান্নানের স্ত্রী রুশনা বেগম।

​আব্দুস সালাম মুন্না তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে অভিযুক্ত আব্দুল করিমের ক্ষমতার দাপটে ভয়ে তটস্থ থাকতো মুন্নার পরিবার। ভূমি দখল ও প্রতারণার অভিযোগে তিনি একাধিকবার কারাভোগও করেছেন। ক্ষমতার পটপরিবর্তন হলেও করিম ও তাঁর সহযোগীরা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। ​গত মঙ্গলবার সকালে অভিযুক্তরা মুন্নার লোকজনের মালিকানাধীন জমি থেকে অগোচরে জোরপূর্বক বেশ কয়েকটি জলজ ও ফলজ গাছ কেটে ফেলেন। বিষয়টি জানতে পেরে মুন্না ও তাঁর পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দিলে আব্দুল করিমের হুকুমে অন্যান্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
​
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল করিম তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও ওপর হামলা করিনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আওয়ামী লীগের সহসভাপতির প্রভাব দেখিয়ে মানুষকে হয়রানির অভিযোগও সঠিক নয়।’

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘উভয় পক্ষ থেকেই অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত