বিশ্বনাথনিউজ ডেস্ক :: সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি হলো ফ্যামিলি কার্ড। আজ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণের মাধ্যমে ওই প্রতিশ্রুত কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণকারীদের প্রশিক্ষণ পরিদর্শন এবং তাদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতা, সততা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য উপকারভোগীদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
এমপি লুনা আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম বা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে দলেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামছুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শেষদিকে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৭ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন এমপি তাহসিনা রুশদীর লুনা













