Search

২৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি, বিশ্বনাথের মাদ্রাসা শিক্ষক মাওলানা ফখরুলকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ ২৬ বছরের গৌরবোজ্জ্বল ও একনিষ্ঠ শিক্ষকতা জীবন শেষে উদয়পুর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা ফখরুল ইসলামকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) মাদ্রাসার কনফারেন্স হলে উদয়পুর গ্রামবাসী ও গ্রামের প্রবাসী উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সফল করতে সিংহভাগ আর্থিক পৃষ্ঠপোষকতা ও মূল ভূমিকা পালন করেন উদয়পুর গ্রামের প্রবাসী ভাইয়েরা। প্রবাসে থেকেও নিজ ভূমির দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষকের সম্মানার্থে তাঁদের এই উদার অবদান পুরো এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মুকিতের সভাপতিত্বে সাবেক শিক্ষার্থী মাওলানা বদরুল ইসলাম ও হাবিবুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম এবং নাতে রাসুল সা. পরিবেশন করেন মো. ফখরুদ্দীন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি ক্বারী মাওলানা ফখরুল ইসলাম। আবেগআপ্লুত হয়ে বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ২৬টি বছর আমি এই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করেছি। গ্রামের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের ভালোবাসা আমাকে চিরঋণী করেছে। সুদূর পরবাসে থেকেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মূল্যায়নে তাঁদের এই এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল আজিজ। তিনি বলেন, ‘মাওলানা ফখরুল ইসলাম একজন নিষ্ঠাবান আলোকবর্তিকা। দীর্ঘ ২৬ বছর দ্বীনি শিক্ষার খেদমতে তাঁর অবদান অনস্বীকার্য। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী ভাইদের, যাঁদের মূল অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় আজকের এই এত সুন্দর, বর্ণাঢ্য ও সুসংগঠিত আয়োজন সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দুবাই প্রবাসী ফটিক মিয়া, সুহেল মিয়া ও আনোয়ার হোসেন। তাঁরা প্রবাসীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমাদের গ্রামের শিক্ষার ভিত গড়ে দিয়েছেন মাওলানা ফখরুল ইসলাম। আমরা প্রবাসে থাকলেও তাঁর অবদানের কথা কখনো ভুলিনি। গুণী মানুষের সম্মান জানাতে পেরে আমরা প্রবাসীগণ নিজেদের ধন্য মনে করছি।’

এছাড়া, বিদায়ী শিক্ষক মাওলানা ফখরুল ইসলামের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ ও শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন উদয়পুর দারুল আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহিনুল ইসলাম, উদয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সাবেক মেম্বার মাসুক মিয়া, আকিকুর রহমান ছুরক মিয়া, হারুন মিয়া, আব্দুল ওয়াদুদ, ছিদ্দিকুর রহমান, আমির হোসেন ছমির এবং সংবর্ধিত ব্যক্তির ছেলে, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল হাসান।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ আলী, আব্দুস সালাম খাঁন, আব্দুল কুদ্দুস, আব্দুস শহিদ, ক্বারী আব্দুল্লাহ, ওয়াজিব উল্লাহ, গোলাম আকবর খুকন, ইরন খাঁন, আব্দুর রহিম, ইসমত আলী, শাহ আলম চৌধুরী, মাওলানা আলী আহমদ আব্দুল হামিদ, আবু ছালেহ, হাফিজুর রহমান,আবুল লেইছ প্রমুখ।

অনুষ্ঠানের শেষদিকে সংবর্ধিত ব্যক্তি ক্বারী মাওলানা ফখরুল ইসলামের হাতে প্রবাসী ও গ্রামবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপঢৌকন তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত