Search

বিশ্বনাথে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক পিতা-পুত্র

বিশ্বনাথটুডে ডেক্স:: সিলেটের বিশ্বনাথে মারামারির মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহরের মছতুরা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন পূর্ব চানসিরকাপন গ্রামের কদর আলী (৪৭) ও তাঁর ছেলে ইমন মিয়া (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে নজরুল ইসলামের সঙ্গে কদর আলীর মারামারি হয়। এতে নজরুল ইসলাম আহত হন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কদর আলী ও ইমন মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা করেন। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ১৬।

মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে মছতুরা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে পুলিশের পাঁচ সদস্য সামান্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।

পরে থানায় খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে কদর আলী ও ইমন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, মারামারির মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজনকে শনিবার আদালতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত