Search

নিজের কর্মগুণেই বিশ্বনাথবাসীর অন্তরে বেঁচে থাকবেন সুহেল চৌধুরী

​​বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সুহেল চৌধুরী ছিলেন গণমানুষের নেতা। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে তিনি আমৃত্যু বিশ্বনাথের কল্যাণে কাজ করেছেন এবং নিজের কর্মগুণেই তিনি এ অঞ্চলের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার ধানহাটা প্রাঙ্গণে ‘বিশ্বনাথ বিএনপি সমর্থিত ব্যবসায়ী’ সমাজের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়।

​সভায় বক্তারা নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী ও মরহুম সুহেল আহমদ চৌধুরীর স্মৃতি চারণ করে বলেন, ‘বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার যে স্বপ্ন তারা দেখেছিলেন এবং কাজ চালিয়ে গেছেন, তা পরিপূর্ণ করার সময় এসেছে। বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুহেল চৌধুরীর স্থলাভিষিক্ত হিসেবে তাঁরই ছোট ভাই, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ‘জনগণ আজ ঐক্যবদ্ধ এবং তারা সুমন পারভেজ চৌধুরীকেই তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়।’

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মরহুম সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই সুমন পারভেজ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরী।

বিশ্বনাথের প্রবীণ মুরব্বী গোলাপ খানের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পুরান বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী শিপলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আঙ্গুর, দেওকলস ইউনিয়ন পরিষদের সদস্য আঙ্গুর মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, আরিফ মিয়া, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মনসুর আহমদ, ব্যবসায়ী রুবেল আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইসলাম উদ্দিন মরহুম সুহেল আহমদ চৌধুরীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত