নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘সাবিলিল্লাহ্ প্রজেক্ট’-এর উদ্যোগে সংবর্ধনা ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে যুক্তরাজ্যের সেন্ট পিটারস্ ও আশফোর্ড হাসপাতালের রেজিস্ট্রার, বিশ্বনাথের কৃতিসন্তান ডা. আতাউর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। পরে, সাবিলিল্লাহ্ প্রজেক্টের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী দানশীল ব্যক্তিত্ব হাজী আলমাছ আলীর অর্থায়নে মাহে রমজান উপলক্ষ্যে এলাকার প্রায় সাড়ে চারশত গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ শাখার টিম প্রধান আজম আলীর সভাপতিত্বে লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব ডা. আতাউর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মুফতি একেএম মনোওর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সালিশ ব্যক্তিত্ব মজিরুল ইসলাম তকবির মিয়া, শহীদ সুলেমানের ছোট ভাই মাওলানা বুরহান হোসেন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, সাংবাদিক মো. শাহিন উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ ও বশির উদ্দিন, সংগঠক ফখরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে হাজী আলমাছ আলী ও ডা. আতাউর রহমানের মানবসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ‘বিদেশে থেকেও নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের এই দান কবুল করেন এবং তাদের এই সেবা কার্যক্রম আরও বিস্তৃত করে দেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবিলিল্লাহ্ প্রজেক্টের বাংলাদেশ শাখার সদস্য ফজলু মিয়া মেম্বার, মাশহুদ মিন্টু, ইউসুফ আলী, রাকিব আহমদ রুবেল, মাসুক আহমদ, আব্দুল মজিদ, মনসুর আলী, খায়রুল আমীন, নুরুল জামান, সুলতান আহমেদ, হোসাইন আহমদ, আহমদ আলী, বুরহান উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কামাল বাজার আউটলেটের ইনচার্জ আনোয়ার হোসেন।













