Search

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন যুক্তরাজ্যে বিএনপি নেতা শাহ আবুল কালাম

বিশ্বনাথটুডে ডেক্স:: আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সদ্য বিলুপ্ত যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আবুল কালাম। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে দেশে ও প্রবাসে অবস্থানরত বিশ্বনাথবাসীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। দলের নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকেছেন সবসময়।

শাহ আবুল কালাম বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ মসুলা (জানাইয়া) গ্রামের শাহ হাজী জামশেদ আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি ‘শাহ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে করোনা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। গরিব-অসহায় পরিবারের বিবাহ ও চিকিৎসা সহায়তায় নীরবে সহযোগিতা করে যাচ্ছেন। দেশে থাকা অবস্থায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বর্তমানে তিনি বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দেশে ও প্রবাসে সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছেন। ফলে দেশে ও প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

প্রার্থীতার বিষয়ে শাহ আবুল কালাম বলেন, ‘সর্বশ্রেণী-পেশার মানুষের অনুপ্রেরণা থেকেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমার দল (বিএনপি) যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত