বিশ্বনাথ প্রতিনি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল আলম মজুমদারকে অবসরকালিন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশ-প্রবাসে অবস্থানরত মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্থানীয় দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খানের সভাপতিত্বে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী। তিনি বলেন, ‘শিক্ষকতা কেবল চাকুরি বা বেতনের পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকেরা সমাজের আলোকবর্তিকা হয়ে মানুষের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দেন। শিক্ষকেরা নৈতিকতা ও মানবিকতার পথপ্রদর্শক। একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদের মাঝে আজীবন বেঁচে থাকেন।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন।
অনুষ্ঠান চলাকালে অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম মজুমদারের হাতে এক লক্ষ টাকার সম্মাননা চেক, উত্তরীয় ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন তাঁর স্নেহধন্য শিক্ষার্থীরা। এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি আবেগাপ্লুত কণ্ঠে আয়োজকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হানিফ আহমদ খান, ভূরকী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলতাফ হোসেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইসি সদস্য আবুল হোসেন মামুন, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইসি মেম্বার আব্দুল হামিদ খান সুমেদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম আজাদ।
আরও বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী আবু তাহের মিছবাহ, আহমদ আলী হিরন, মাওলানা শাহেদ আহমদ, নাজমুল ইসলাম, ফরিদ উদ্দিন আত্তার, রবিউল আউয়াল ও উম্মে খাদিজাতুল কুবরা।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ কাওছার আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী সাইফুল আলম।
সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষক শফিকুল আলম মজুমদারের দীর্ঘ কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ, তাকে সম্মাননা প্রদান এবং শেষে আবেগঘন বিদায় মুহূর্ত, যা উপস্থিত সকলকে আপ্লুত করে তোলে।













