Search

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় মিছিল সহকারে যোগ দেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমদ চৌধুরীর জানাজার নামাজ এবং দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের নিজ বাড়ির সামনের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইযুম চৌধুরী, সহসভাপতি এম আসকির আলী, ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আমীর উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, এম ইলিয়াস আলীর দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের বিপুল সংখ্যক মানুষ।

প্রসঙ্গত, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকায় সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় মিছিল সহকারে যোগ দেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জনসভার অদূরে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোহেল আহমদ চৌধুরী। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা নেতাকর্মী ও স্বজনরা তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবরে বিশ্বনাথের রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

সোহেল আহমদ চৌধুরীকে শেষবারের মতো দেখতে সোমবার রাতেই তাঁর বাড়িতে ছুটে যান সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা, ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আমীর উদ্দিন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী, ইলিয়াস আলীর দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ অসংখ্য দলীয় নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রবাসী বিএনপি নেতাকর্মী ও তার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত