নিজস্ব প্রতিবেদক :: আসন্ন ১২ ফেব্রুয়ারির ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে প্রিজাইডিং অফিসারদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এখানে কোনো প্রকার ভুলের সুযোগ নেই।’
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই বিজয়ী হবেন। এর বাইরে অন্য কিছুর কোনো সুযোগ রাখা হবে না। দায়িত্ব পালনে যেনো কেউ প্রশ্ন তুলতে না পারে, সেদিকে শতভাগ সজাগ থাকতে হবে। প্রশাসন আপনাদের সকল ধরনের সহায়তা প্রদান করবে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি’র সভাপতিত্বে সভায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে আলোচনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বনাথ ক্যাম্পের কমান্ডার মেজর ইনতিসার শামসাদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার।
সভায় উপস্থিত বক্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশ্বনাথে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসারদের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য।













