Search

ধানের শীষের বিজয় হলে, তা হবে জনগণেরই বিজয় : তাহসিনা রুশদীর

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘জননেতা এম. ইলিয়াস আলীর উন্নয়ন ও তাকে নির্যাতন করার কথা মনে রেখে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। আপনাদের ভোটে ধানের শীষের বিজয় হলে, তা হবে জনগণেরই বিজয়, উন্নয়ন-অগ্রগতির বিজয়। বিএনপি জনগণের দল, উন্নয়নের দল। তাই, বিএনপি ক্ষমতায় গেলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের কাঙ্খিত উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে।’

শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রতীক বরাদ্দের পর ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রথম প্রচার মিছিল শেষে পৌরশহরের নতুন বাজার এলাকার প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভার পূর্বে সওজের ডাকবাংলোর সামনে থেকে প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর পূর্বে সকালে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে সওজের ডাকবাংলোর সামন জড়ো হন।

ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় প্রতীকি ধানের শীষ হাতে নিয়ে মায়ের সাথে থেকে ধানের শীষ প্রতীকে ভোট চান ইলিয়াস-লুনা দম্পতির দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার। এসময় মায়ের সাথে ছাদ খোলা গাড়িতে ছিলেন একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। মিছিলের অগ্রভাগে ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত